কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই উধাও, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই, আবার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ মহড়া। কখনো তুচ্ছ বিরোধ থেকে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব অপরাধের পর অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তদন্তে সময় লাগে। অনেক ক্ষেত্রে অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
এ পরিস্থিতি বদলাতে কিশোরগঞ্জ শহরে বসানো হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া এ উদ্যোগের বিশেষত্ব হলো, সব ক্যামেরাতেই থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেন্স প্রযুক্তি। এতে মানুষের মুখ শনাক্ত করার পাশাপাশি রাতেও স্পষ্ট চিত্র ধারণ করা যাবে। গত ছয় মাসে শহরে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের আগাম সংকেত শনাক্ত করাও এ উদ্যোগের লক্ষ্য।
এরই মধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল পর্যায়ক্রমে নজরদারির আওতায় আনা হবে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কোনো চুরি, ছিনতাই বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির চলাচল ও ঘটনার আগের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
শনিবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারির আওতায় আসবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার বলেন, কিশোরগঞ্জে প্রচুর পরিমাণে চুরি ছিনতাই বেড়ে গেছে। প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে চুরি ও ছিনতাই নিয়ে কথা হয়। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সিসিটিভি ক্যামেরা স্থাপন যুগান্তকারী পদক্ষেপ। এতে শহরের চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণে আসবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, প্রতিদিন চুরি হচ্ছে। কিছুদিন আগে আমার বাসার সামনে থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে৷ কিশোরগঞ্জ পৌরসভায় বাস করার অবস্থায় নাই। এ অবস্থা থেকে নিস্তার চাই।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার করবে। আমি অনুরোধ করব নদীর পাড়ের রাস্তাগুলোয় সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে। কিছুদিন আগে একটা মেয়েকে ছিনতাইকারীরা এতো অত্যাচার করেছে যে চোখ দেখা যায় না। এখন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক তৎপর। সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভির আওতায় আনা একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। সিসিটিভির কারণে অপরাধী শনাক্ত হবে। অপরাধী শনাক্ত হলে ধীরে ধীরে অপরাধ কমে যাবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সিসি ক্যামেরা স্থাপন প্রযুক্তি নির্ভর, জনবান্ধব এবং জবাবদিহিতামূলক পুলিশিং ব্যবস্থা নিশ্চিতের জন্য একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধকে দ্রুত আইডেন্টিটিফাই করতে পারবে। আমরা যদি একসাথে যার যার জায়গা থেকে কাজ করি তবে একটি সুন্দর কিশোরগঞ্জ উপহার দিতে পারব।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের মূল কমিটমেন্ট হলো ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। দেশের মানুষকে স্বস্তি দেয়া। আজকে যে সমাজে অপরাধ প্রবনতা তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে আমরা দেখেছি তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হতো, উৎসাহিত করা হতো। জনপ্রতিনিধিরা তাদের সাথে সম্পৃক্ত ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এইসব বিষয়ে আমাদের জিরো টলারেন্স। মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ অপরাধ নির্মূলে আমরা বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই শহরের সকল রোড, সকল বাসা এই ক্যামেরার আওতায় আসবে। সার্ভার রুম আমরা থানায় করেছি। আমরা দেখি কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, বিভিন্ন দোকানে হামলা দেওয়া, হুমকি দেওয়া এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এমন ধরনের সিসি ক্যামেরা নিয়ে আসছি যার কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যাক্তিকে আইডেন্টিটিফাই করা। এতে করে শুধু ক্রাইম কন্ট্রোল নয় মানুষের আচরণগত পরিবর্তনও হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হক প্রমুখ