সব রেকর্ড ভেঙে দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ—পাগলা মসজিদে মানুষের বিশ্বাসের আরেক বিস্ময়

  • Update Time : Saturday, November 21, 2026
  • 4 Time View

একটি একটি করে খোলা হলো ১৫টি দানবাক্স। বেরিয়ে এল দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। কোথাও টাকার স্তূপ, কোথাও সোনা-রুপার অলংকার। সেই অর্থ গুনতে মসজিদের দোতলায় দিন থেকে রাত পর্যন্ত ব্যস্ত কয়েক শ শিক্ষার্থী, ব্যাংকার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হয় রাত টায়। হিসাব মিলিয়ে দেখা গেল, মানুষের দানের পরিমাণ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললে এমন দৃশ্য এখন আর অচেনা নয়। তবু প্রতিবারই নতুন করে বিস্মিত হন মানুষ। কারণ, এই বিপুল অর্থের পেছনে রয়েছে অসংখ্য মানুষের বিশ্বাস, মানত, প্রার্থনা আর সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার আকাঙ্ক্ষা।

চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় খোলা হয় মসজিদের দানবাক্সগুলো। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ব্যবধান ছিল আরও বেশি। সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে ১৫টি দানবাক্সের তালা খোলা হয়। এরপর একে একে ৫১টি বড় বস্তায় ভরা হয় টাকা। বস্তাগুলো নিয়ে যাওয়া হয় মসজিদের দোতলায়।

সেখানে মেঝেতে টাকা ঢেলে শুরু হয় গণনা। কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মী ও জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী।

রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। গণনায় পাওয়া যায় কোটি লাখ হাজার টাকা। এর বাইরে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার।

ময়মনসিংহ থেকে আসা দর্শনার্থী মো. আব্দুল করিমের কাছে পাগলা মসজিদের দানবাক্স খোলার দিনটি কেবল টাকার হিসাব জানার ঘটনা নয়। তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি ও মনের নেক আশা পূরণের নিয়তে মানুষ এখানে দান করেন। এত বিপুল পরিমাণ অর্থ সুশৃঙ্খলভাবে গণনা হতে দেখে ভালো লাগছে।’

আব্দুল করিমের প্রত্যাশা, এই অর্থে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন হবে, মুসল্লিদের নামাজের জায়গা আরও প্রশস্ত হবে।

কিশোরগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ চন্দ্র সাহার কথায়ও উঠে আসে পাগলা মসজিদ ঘিরে মানুষের এক ভিন্ন অনুভূতি। তাঁর ভাষায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে এই মসজিদকে ঘিরে আলাদা টান ও বিশ্বাস কাজ করে। শ্রদ্ধা ও মানত নিয়ে অনেকেই এখানে দান করতে আসেন।

প্রদীপ চন্দ্র সাহা বলেন, ‘সব ধর্মের মানুষের দানে গড়া এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুপরিসর হয়ে উঠুক, এটাই কামনা করি।’

পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মসজিদকে ঘিরে মানুষের আগমন। প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর উপস্থিতিতে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে জায়গার সংকট তৈরি হচ্ছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। দেশের নানা প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এখানে আসেন। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও দান করেন।

তিনি জানান, মসজিদ সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সময়ের প্রয়োজনে সম্প্রসারণ এখন জরুরি। বিভিন্ন ধর্মের মানুষের দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের প্রতি মানুষের এক গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। যার প্রতিফলন দেখা যায় এই দানবাক্সগুলোয়। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। পাগলা মসজিদের তহবিলে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। ছিলেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব সদস্য ও ২০ জন আনসার সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক বলেন, পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All Rights Reserved আজকের বার্তা২৪
Site Customized By ayazhost.com